রাজনীতি

আমি আপনাদের কথা দিচ্ছি, চোর-সন্ত্রাসী আমার দলের না;ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা ভোলায় এসেছেন। বুধবার দুই দিনের সফরে ভোলায় পৌঁছালে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষ পথে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান তাকে।

ভোলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন মন্ত্রী। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশার মানুষ তাকে স্বাগত জানান।

মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোলার উন্নয়ন কাজ করার সময় বিরোধী দলসহ সবাইকে সম্পৃক্ত করা হবে। কাউকে বাদ দেওয়া হবে না। ভোলার উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কোনো কাটাকাটি ও মারামারি হবে না, চাঁদাবাজি ও টেন্ডারবাজিও চলবে না।

তিনি বলেন, জিআর, টিআর ও কাবিখাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্বে জনগণকে সম্পৃক্ত করা হবে। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা খুঁজে খুঁজে দেখবেন—যে সঠিকভাবে কাজ করবে না, সে আমার লোক হবে না।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় অনেকে তাকে ভোট দিয়েছেন, আবার অনেকে দেননি। তবে এখন সবাই সহযোগিতা করলে তিনি ভোলার মানুষের জন্য কাজ করতে পারবেন।

তিনি আরও বলেন, গত ছয় মাসে তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে পারেননি। জনগণের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, চোর-সন্ত্রাসী আমার দলের না।”

বক্তব্যের শুরুতে দেশের গ্যাস ও বিদ্যুৎ সমস্যার প্রসঙ্গ তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে এবং অর্থনীতির ভিত দুর্বল করে দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। সেই কঠিন পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে।

ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এই সেতুর দাবিতে জেলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং এ বিষয়ে সবাই কাজ করে যাচ্ছেন। সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে হিজলা-মেহেন্দীগঞ্জ ও শরীয়তপুর হয়ে ঢাকায় যাতায়াতের সময় প্রায় ৪০ মিনিট কমিয়ে আনার সম্ভাবনার কথাও উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়টিও বিবেচনা করছে।

নিজের নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি নদীভাঙন রোধ, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দের বিষয়েও তিনি কথা বলেন।

তিনি বলেন, সরকার কাজ করছে এবং আমরা সরকারের সঙ্গে আছি। জনগণকে সঙ্গে নিয়ে ভোলার জন্য যেটি ভালো হবে, সেটিই করা হবে।

সফরকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এছাড়া নিজ গ্রামে পিতার কবর জিয়ারত করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভোলায় প্রবেশকালে তাকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সাবেক সম্পাদক আমিনুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।