রাজনীতি

জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। দেশের কল্যাণে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল একটি ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে মাত্র সাড়ে তিনশ টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা সেই জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন—আপনি যে নেতার আদর্শে রাজনীতি করেন, আপনার চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে সেই নেতার আদর্শের কতটুকু মিল রয়েছে?’

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষির উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করতে সরকার মানসিকভাবে প্রস্তুত। নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় ছিল দেশের কৃষি খাতের উন্নয়ন।

তিনি বলেন, কৃষকের ঋণ মওকুফসহ কৃষিকাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং কৃষকের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

ভবিষ্যতে কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘একটা সময় আমাদের অনেক কৃষিপণ্য আমদানি করতে হতো। এখন অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমাদের আমদানিনির্ভরতা কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং আমরা পেঁয়াজ রপ্তানির চিন্তা করব।’

তিনি আরও বলেন, একইভাবে ভবিষ্যতে আরও কিছু কৃষিপণ্যের আমদানি কমিয়ে সেগুলো রপ্তানির পরিকল্পনা রয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।