থার্ড টার্মিনাল এলাকায় ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।
সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাংলাদেশ বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
আহতরা হলেন—কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের।
আহতদের মধ্যে কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপর আহত আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়েশা সিদ্দিকা।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনকালে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে ছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিন বিমানবাহিনীর সদস্য নিহত হন এবং আরও চারজন আহত হন।
দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়েছে।
