ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি, একজনকে মাদক সেবনের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও সাতজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ এলাকা থেকে মেহেদী হাসান ওরফে কাইয়ুম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি।

অন্যদিকে, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকা থেকে মো. বাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কবির হোসাইন (২৫), শাহরিয়ার আমিন (৩০), মোহাম্মদ রাব্বি (৩০), মো. রায়হান হাসান (২১), মো. মেহেদী হাসান (২৫) ও মো. ইব্রাহীম (৩০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালে কবির হোসাইন, শাহরিয়ার আমিন ও মোহাম্মদ রাব্বিকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। মো. রায়হান হাসান ও মো. মেহেদী হাসানকে ২৫০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মো. ইব্রাহীমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।