বুড়িচংয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক, ছাড়িয়ে নিতে নেতাদের দৌড়ঝাঁপের অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে তাদের নিজ নিজ বসতঘরে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক দুজন হলেন, ভারেল্লা গ্রামের নবী নেওয়াজ ও একই গ্রামের মাহবুব। স্থানীয়দের দাবি, আটক নবী নেওয়াজ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতির ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, দেবপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরোজিত বড়ুয়ার নেতৃত্বে একটি পুলিশ দল ভারেল্লা গ্রামে অভিযান চালায়। এ সময় নবী নেওয়াজ ও মাহবুবের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে আটক করা হয়।
এদিকে, আটকের পর তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার পক্ষ থেকে দৌড়ঝাঁপ করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
