কুমিল্লার সংবাদ

কুমিল্লায় দশম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক আটক

কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাকিব (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লার লালমাই পাহাড়ের কোটবাড়ী এলাকার সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার বিকেলে তারা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যায়। পরে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে আগে থেকেই সিয়ামের চার বন্ধু অবস্থান করছিলেন। একপর্যায়ে একজন পাহারায় থাকেন এবং প্রেমিকসহ অন্যরা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ভোরের দিকে কয়েকজন যুবক ওই কিশোরীকে নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা মো. সাকিব (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভুক্তভোগী কিশোরী কুমিল্লার চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আটক সাকিব একই উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন,“এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।