
প্রিন্টের তারিখ: 26 November 2026 | প্রকাশের তারিখ: 26 November 2026, 4:22 am
ভারতে পালিয়ে দেশে ফিরে যুবদল কর্মীর বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়; অতঃপর

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে আজহারুল ইসলাম নামে এক কর্মীকে।
বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজহারুল ইসলাম জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোশাররফ ভারতে চলে যান। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে তিনি আজহারুল ইসলামের বাড়িতে আত্মগোপন করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে বারপাড়া এলাকার ওই বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের ভাষ্য, মোশাররফের বিরুদ্ধে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলা রয়েছে। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান তালাশ বাংলাকে বলেন, মোশাররফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।