
প্রিন্টের তারিখ: 25 November 2026 | প্রকাশের তারিখ: 25 November 2026, 2:11 pm
‘চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই’-জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ কবির হোসেন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ কবির হোসেন নিজ গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাকশীমুল দক্ষিণ পাড়া সর্দার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকশীমুল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. হারুনের সভাপতিত্বে এবং ইবনে তাইমিয়া এন্ড কলেজের অধ্যাপক শিল্পী আল আমিনের সঞ্চালনায় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন হারিজ, সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোমিন ঠিকাদার, হোসেন ও সাংবাদিক শরীফ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন খালেক, মসজিদের মুয়াজ্জিন মো. আলী হোসাইন, সৌদি আরব প্রবাসী মো. গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, আলী আশরাফ মাস্টার, দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ, হারুন পুলিশ, আলম, সেলিম-২, ব্যাংক স্বপন, আবু, শাহ আলম, সাদেক, সুরুজ কাজী, হারুন কাজী, আবদুল কাদের, জজু, হোমাইন, হোসেন, আমিন, মিজান, ভূঁইয়া কামাল, সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম, জসিম, হাবুল, সোহাগ ও জামিলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ কবির হোসেন বলেন, “আমি আমার ঈমানি দায়িত্ব পালন করতে চাই। এ বিষয়ে আমার কথার কোনো বরখেলাপ হবে না। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি আমাকে যোগ্য মনে না করেন, তাহলে এই সভা থেকেই সিদ্ধান্ত নেব, আমি আর এক পা-ও এগোব না।”
তিনি আরও বলেন, “আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সেবক ও গোলাম হিসেবে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদের বরাদ্দ, সুযোগ-সুবিধা ও ভাতাসহ সব ধরনের সেবা প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের মধ্যে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বণ্টন নিশ্চিত করব। দল-মত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দিয়ে সেবা প্রদান করাই হবে আমার লক্ষ্য।”
সভায় উপস্থিত গ্রামবাসীরা তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তাঁরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকশীমুল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. আলী হোসাইন।