
প্রিন্টের তারিখ: 26 November 2026 | প্রকাশের তারিখ: 25 November 2026, 1:56 pm
এক বছর পর দেশজুড়ে তাফসির মাহফিলের ঘোষণা মিজানুর রহমান আজহারীর

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী এক বছর বিরতির পর আবারও দেশের আটটি বিভাগে উন্মুক্ত মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। শিগগিরই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’
মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন পবিত্র কোরআনের এই আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
আজহারী আরও বলেন, মাহফিলের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কোরআন ও সুন্নাহর সার্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
পোস্টে তিনি আরও লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’