প্রিন্টের তারিখ: 26 November 2026 | প্রকাশের তারিখ: 25 November 2026, 1:46 pm

‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

তালাশ বাংলা ডেস্ক

‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির অধীন চৌকার মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চৌকার মাঠে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে টমাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও দেখতে পান তারা।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে নিহতের ছোট ভাই হৃদয় (২২) ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চৌকার মাঠে মতিউর রহমানের একটি ঘাসের জমিতে চার থেকে পাঁচজন বোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের পর আহত তিন থেকে চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, শক্তিশালী বোমা বিস্ফোরণে টমাস নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।