
প্রিন্টের তারিখ: 24 November 2026 | প্রকাশের তারিখ: 24 November 2026, 3:05 pm
বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এদিন দেশে ফেরার ইচ্ছার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা বেড়েছে। বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র পুনরায় পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
এক বিবৃতিতে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় তার প্রত্যাবর্তনের জন্যও সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে গত রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।