
প্রিন্টের তারিখ: 23 November 2026 | প্রকাশের তারিখ: 23 November 2026, 12:18 am
বাবার কিনে দেওয়া বেলুনই কেড়ে নিল শিশুর প্রাণ

কুমিল্লার বরুড়ায় মুখে থাকা বেলুনের অংশ শ্বাসনালিতে আটকে তাবাসুম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কশামী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসুম ওই গ্রামের মো. মহিন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে আদর করে একটি বেলুন কিনে দেন বাবা মহিন উদ্দিন। রোববার বিকেলে শিশুটি মুখে বেলুন নিয়ে কামড় দিলে সেটি ফেটে যায়। এ সময় বেলুনের একটি অংশ শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. রিফাত হোসেন বলেন, ‘শিশুটিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তখন সে মৃত ছিল। তারপরও আমরা ইসিজি করেছি।’
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’