
প্রিন্টের তারিখ: 22 November 2026 | প্রকাশের তারিখ: 22 November 2026, 10:28 pm
ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মাদক ব্যবসায়ীদের হামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) পালিয়ে প্রাণে বাঁচেন।
রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওভোগ হাশেমবাগ এলাকায় বায়তুল আল ফালাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।
তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার হামলার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্টতায় এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।