
প্রিন্টের তারিখ: 22 November 2026 | প্রকাশের তারিখ: 22 November 2026, 6:05 pm
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের নানা প্রমাণ সামনে আসছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি ও সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করলেও নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেসব ঘটনার দৃশ্য ধারণ করতে যেতেন তারা।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। অথচ এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় পরিচালিত হবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না।’ ভয়ভীতি দেখিয়ে জনগণকে দমনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শামা ওবায়েদ বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। আওয়ামী লীগের এসব অগ্রগতি ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
পোশাকশিল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গার্মেন্টস খাত। এ খাতে লাখো নারী শ্রমিক কাজ করে পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহন করেন। অথচ এই শিল্পকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী ও দেশের মানুষ এসব পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, পোশাকশিল্পে অশান্তি সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, তারা শুধু রাজনৈতিকভাবে পরাজিত নয়, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।