
প্রিন্টের তারিখ: 22 November 2026 | প্রকাশের তারিখ: 22 November 2026, 3:14 pm
ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি মহাপরিচালক বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, তা প্রতিরোধেও কাজ করছে বিজিবি।
তিনি বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।