
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 21 November 2026, 11:35 am
কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
স্বাগত বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে সশস্ত্র বাহিনী।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরোধ ও আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন গতি লাভ করে। এ ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।