প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 21 November 2026, 3:30 am

সশস্ত্র বাহিনীর ৫৫ বছরের অভিযাত্রায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা

তালাশ বাংলা ডেস্ক

সশস্ত্র বাহিনীর ৫৫ বছরের অভিযাত্রায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ দিবসটি উদ্‌যাপন করছে বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত আক্রমণের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত সামরিক অভিযানের সূচনা হয়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে বদলে গেছে যুদ্ধের প্রচলিত ধারণা। এখন ড্রোনের ঝাঁক, সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট প্রযুক্তি যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাতে এর প্রমাণ মিলেছে।

পরিবর্তিত এই বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। সেনা, নৌ ও বিমানবাহিনীর আধুনিকায়ন, ড্রোন প্রযুক্তির উন্নয়ন, সাইবার নিরাপত্তা জোরদার, আকাশ প্রতিরক্ষা, সমুদ্রসীমায় নজরদারি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জন্ম নেওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫৫ বছরের অভিযাত্রায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রা।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা। অন্যদিকে, এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দিনটিকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আধুনিকায়নে তিন বাহিনীর নতুন পরিকল্পনা

পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে। গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী এক দশকে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসব পরিকল্পনায় শুধু আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা অর্জন ও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তানীতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশে ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা এবং সমুদ্রসীমায় নজরদারি ও তাৎক্ষণিক তথ্য সংগ্রহের ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিদেশের ওপর নির্ভরতা কমাতে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্প্রতি যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।