
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 20 November 2026, 3:59 pm
বুড়িচংয়ে রাতের আঁধারে ফিসারিতে বিষ, সকালে ভেসে উঠল সব মাছ;মাছচাষি আহাজারি

কুমিল্লার বুড়িচংয়ে পূর্বশত্রুতার জেরে ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মাছচাষি সেলিম আহমেদ (৬০) বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ শতাংশ আয়তনের একটি ফিসারিতে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কীটনাশক প্রয়োগ করে। এতে শুক্রবার সকালে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। ফিসারিতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ১০ লাখ টাকা। সকালে মাছ মরে ভেসে ওঠার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ফিসারির মালিক সেলিম আহমেদ।
কান্নাজড়িত কণ্ঠে সেলিম আহমেদ বলেন, বিগত ৫-৬ বছর ধরে নিজের অর্থ, ঘাম ও শ্রম দিয়ে এই মাছের প্রজেক্ট গড়ে তুলেছি। আমার অনেক স্বপ্ন জড়িয়ে ছিল এর সঙ্গে। বৃহস্পতিবার রাতেও মাছের খাবার দিয়েছি, তখন সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু শুক্রবার সকালে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এই দৃশ্য কীভাবে সহ্য করব? পূর্বশত্রুতার জের ধরেই আমার ওপর এমন জুলুম করা হয়েছে। আমি প্রশাসন, সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় সংসদ সদস্যের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এদিকে ফিসারিতে গোপনে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই স্থানীয় লোকজন মরে ভেসে ওঠা মাছ দেখতে পুকুরপাড়ে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, সাম্প্রতিক সময়ে এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিছুদিন আগেও একাধিকবার বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা, বাড়িতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো জরুরি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।