
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 20 November 2026, 2:05 pm
নিষিদ্ধ আওয়ামী লীগের গাড়ি থামাতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পাহারা দেওয়ার সময় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (১৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেট কার ওই পথ দিয়ে যাওয়ার সময় আজিম সরকারসহ কয়েকজন নেতাকর্মী গাড়িটি থামিয়ে তল্লাশির সংকেত দেন। তবে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় সন্দেহ হলে আজিম সরকারসহ ছাত্রদলের তিনজন নেতাকর্মী একটি মোটরসাইকেলে করে প্রাইভেট কারটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে মোটরসাইকেলটি প্রাইভেট কারের সামনে গিয়ে ব্রেক করলে দুটির মধ্যে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক আজিম সরকার, তাঁর সঙ্গে থাকা ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং প্রাইভেট কারের যাত্রী নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের আলমগীর (২৬) ও তাঁর স্ত্রী লিমা (২৪) আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিম সরকারকে মৃত ঘোষণা করেন। আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আলমগীর ও তাঁর স্ত্রী লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিম নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনায় আহত প্রাইভেট কারের যাত্রী আলমগীর জানান, রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্রীপুর মাস্টারবাড়ি থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। শিবগঞ্জ বাজারের কাছে কয়েকজন ব্যক্তি তাঁদের গাড়ি থামানোর সংকেত দেন। তাঁদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ভয়ে চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চলে যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। তবে তাঁদের শিশুসন্তান অক্ষত রয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।