
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 20 November 2026, 1:55 pm
কুমিল্লায় ‘চাঁদা না দেওয়ায়’ ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর পুকুরে মিলল মরদেহ

কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব (ঠিকানা কলেজপাড়া) সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ রয়েছে, ঘটনার পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাঁকে মারধর করেন এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘সজিব ছেলেটা এই এলাকার কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পেত তাকেই মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।’
নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এই ব্যাংকটি পরিচালনা করছিল। সজিব আমার ছেলের কাছে চাঁদা চেয়েছিল। না দেওয়ায় সেদিন মারধর করে। ভেবেছিলাম, এরপর আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের মরদেহ, কীভাবে মানবো?’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সজিব নামে একজনের এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।