
প্রিন্টের তারিখ: 19 November 2026 | প্রকাশের তারিখ: 19 November 2026, 7:40 pm
কারাবরণ ও প্রবাসজীবন পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও ১৭ বছরের বেশি সময়ের প্রবাসজীবন পেরিয়ে দেশের সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জন্মদিন উদ্যাপন করছেন তিনি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও তৃণমূল পর্যায় থেকে শুরু হয় তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক পথচলা।
ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন তারেক রহমান। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলের পক্ষে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন তিনি।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে তাঁর। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাসজীবন। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দেশের সরকারপ্রধানের দায়িত্বে আসেন বিএনপির এই নেতা।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতন, কারাবরণ ও প্রবাসজীবনের অধ্যায় পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে থেকে ৬২তম জন্মদিন পালন করছেন তিনি। রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে সরকারপ্রধান হিসেবে তাঁর এই জন্মদিন তাই রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।