
প্রিন্টের তারিখ: 18 November 2026 | প্রকাশের তারিখ: 18 November 2026, 10:52 am
বুড়িচংয়ে বসতঘরে অগ্নিকান্ড, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি;ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

কুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবারের ঘরের আসবাবপত্র, ফ্রিজ, মোটরসাইকেল, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়ির বাসিন্দা মো. শরীফুল ইসলামের ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির অন্য ঘরগুলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মো. শরীফুল ইসলাম, মো. ইসমাইল ও মো. হানিফের ঘরের আসবাবপত্র, ফ্রিজ, মোটরসাইকেল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। এ সময় বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।