প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: 17 November 2026, 6:23 pm

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

তালাশ বাংলা ডেস্ক

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার ওই বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগানো বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেডের বাড়ি। এর পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে, যেটি ভাড়া দেওয়া হয়েছে। তবে আটতলা ভবনটি অক্ষত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের একটি কথিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও তাঁদের ওপর আক্রমণের বিষয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। অডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৫ আগস্ট গাজীপুরের ধীরাশ্রমে আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতেও হামলা চালিয়েছিল ছাত্র-জনতা।