
প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: 17 November 2026, 5:32 am
নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

নামাজ আদায় করতে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলা এবং গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ করেন তিনি। অভিযুক্ত রব্বানী গাজী বরগুনা সদর উপজেলার পনু গাজীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ির পাশেই বসবাস করেন নাতি জামাই রব্বানী গাজী। অভিযোগকারীর দাবি, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ আদায়ের পরামর্শ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাত থেকে চলাচলের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
মাওলানা সোহরাব হোসেন অভিযোগে উল্লেখ করেন, বার্ধক্যের কারণে এমনিতেই তার চলাফেরা করতে কষ্ট হয়। এর মধ্যে লাঠি ভেঙে ফেলার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। এ ছাড়া পথে-ঘাটে তাকে গালিগালাজ ও অকথ্য ভাষায় কথা বলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।