
প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: 16 November 2026, 1:14 pm
কুমিল্লায় আট বছরের মেয়েকে কেন্দ্র করে বিরোধ,সাবেক স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী কন্যাসন্তানকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়।
এই দম্পতির সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া সুখিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।