
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 15 November 2026, 8:38 pm
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন ওসিকেও বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বদলির আদেশ অনুযায়ী, তাঁদের কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
এদিকে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। রোববার দিনভর জেলায় বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।