
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 15 November 2026, 8:01 pm
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ডিসেম্বরে সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা?

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এদিকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায়, আইনি জটিলতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁর দেশে ফেরা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন আলোচনা।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে জানা গেছে। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানা গেছে। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তাঁর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনে করেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি বলেন, ‘হাসিনা আর দেশে ফিরবেন না।’
তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রভাব পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির নেতা-কর্মীদের একটি অংশ নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনাও বেড়েছে। এসব ঘটনায় ধরপাকড় ও গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে।
বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমালোচনা করছেন। তাঁদের বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদে অবস্থান করছেন। অথচ দেশে ফেরার ঘোষণা দিয়ে তাঁরা দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। মিছিল-সমাবেশে অংশ নিতে গিয়ে দলটির অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার ও মামলার মুখে পড়তে হচ্ছে।
অন্যদিকে আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। ভারতে অবস্থানরত দলটির এক নেতা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেছেন, শেখ হাসিনার বয়স এখন ৭৮ বছর। এই বয়সে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগ সীমিত। ফলে দেশে রাজনৈতিকভাবে ফিরে আসতে তিনি বড় ধরনের ঝুঁকি নিতেও প্রস্তুত।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতও বিবিসি বাংলাকে বলেছেন, প্রতিকূল পরিস্থিতি থাকলেও ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্য সামনে রেখে সারা দেশে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আরাফাতের মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা বিএনপি সরকারের জন্য সহজ হবে না। তবে তিনি মনে করেন, শেখ হাসিনা তাঁর ঘোষিত পরিকল্পনা অনুযায়ীই দেশে ফিরবেন।
এদিকে শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর পাসপোর্ট আবেদনের প্রতিক্রিয়ায় সোমবার তিনি বলেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।
ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ মুহূর্তে তিনি বলতে পারেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে তাঁর দেশে ফেরার পরিকল্পনার একটি বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ভারতের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়া, আইনি জটিলতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ডিসেম্বরের ঘোষণাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত।