
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 15 November 2026, 12:31 pm
ব্রাহ্মণপাড়ায় একদিনে দুই অভিযান, নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কাজী বাজারের পূর্ব দিকে ধান্যদৌল সাকিনের হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মোঃ মনির হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৬) এবং উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের মুনাফ সর্দার বাড়ির মোঃ আবদুল ছামাদের ছেলে মোঃ ওয়াসিম (৪৫)।
অপরদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এএসআই (নিঃ) নুর-আল আহসান। শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শশীদল এলাকায় রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশের কাঁচা সড়কে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের ওরফে ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর তেতাভূমি গ্রামের মুনছুর আলীর বাড়ির মৃত আব্দুল মতিন ও মৃত নুর জাহান বেগমের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।