
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 15 November 2026, 11:48 am
ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ, আদালতের নির্দেশে থানায় মামলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে মো. ছিদ্দিক মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে রুজু করতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
নিহত ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) ও মো. ফারুক প্রকাশ চোরা ফারুক (৪০)। তাঁদের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিদ্দিক মিয়ার সঙ্গে প্রথম আসামি মাহফুজ মিয়ার কাঠ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির পাশে ডেকে নেওয়া হয়। সেখানে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পাশের বিলের একটি ডোবায় ফেলে রাখেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর আসামিরা বিষয়টিকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করার চেষ্টা করেন এবং দ্রুত দাফন সম্পন্ন করেন। তবে পরে গোসল করানোর সময় স্বজনরা ছিদ্দিক মিয়ার গলায় ও পেছনের দিকে নখের আঁচড় এবং আঘাতের চিহ্ন দেখতে পান। এতে তাঁদের সন্দেহ হলে তাঁরা হত্যার অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন।
(১৫ নভেম্বর) রবিবার বিকেলে এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহতের ছেলে বাহার মিয়া আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানাকে এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।