
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 14 November 2026, 5:28 pm
পেটে কসটেপ পেঁচিয়ে গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরকার নিচে পেটে কসটেপ পেঁচিয়ে ১০ কেজি গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেউস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে পেটে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা বোরকার নিচে বিশেষ কৌশলে এসব মাদক বহন করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একই আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।