
প্রিন্টের তারিখ: 14 November 2026 | প্রকাশের তারিখ: 13 November 2026, 6:23 pm
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল মেম্বার দল থেকে বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়া মেম্বারকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। এ ঘটনার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেওয়া এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।
জানা যায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তাঁদের দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।তারা হলেন,দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮)। তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।
এদিকে জেলা যুবদলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাঁদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে দলীয় নেতাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত যুবদলসহ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।