প্রিন্টের তারিখ: 14 November 2026 | প্রকাশের তারিখ: 13 November 2026, 5:54 pm

ওভারলোড ট্রাক-মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি

তালাশ বাংলা ডেস্ক

ওভারলোড ট্রাক-মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা শুনে বিষয়টি জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের আশ্বাস দেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকাবাসী জানান, জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু না থাকায় গোমতী নদীর দুই পাড়ের মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।

এ ছাড়া রঘুরামপুর গ্রামের বাসিন্দারা প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর প্লাবিত হওয়া এবং নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর দুর্ভোগ তুলে ধরেন। এ সমস্যা থেকে স্থায়ী মুক্তির জন্য গোমতী নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

জবাবে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদের পরবর্তী অধিবেশনে আমি বিষয়টি নিয়ে কথা বলব। আমার জায়গা থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমার এলাকার জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার উপজেলাবাসীর জন্য কোনো জায়গায় যদি ১০ বার গিয়ে অনুরোধ করতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।’

এ সময় এলাকার নবনির্মিত রাস্তাঘাট ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিচোরের কারণে সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবছর এসব রাস্তা মেরামতের জন্য সরকারের বিপুল অর্থ ব্যয় করার সামর্থ্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেবিদ্বার-চান্দিনা সড়কে অতিরিক্ত পণ্যবোঝাই (ওভারলোডেড) ট্রাক চলাচলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন থেকে এ সড়কে কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে ছাড়ানোর চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। নিজের দলের বা যত প্রভাবশালী ব্যক্তিই হোক, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ট্রাক অতিরিক্ত বোঝাই অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রাকমালিককে এক কিলোমিটার রাস্তা নিজ খরচে নির্মাণ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান

অবৈধ ইটভাটা স্থাপন এবং কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদেরও সতর্ক করেন সংসদ সদস্য। তিনি বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন বা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সাবধান হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না। প্রয়োজনে ইট তৈরি হয়ে যাওয়ার পরও সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

মাটি কাটার সঙ্গে স্থানীয় কিছু মানুষের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের গাড়ি ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতার কারণে সব সময় তাৎক্ষণিকভাবে অপরাধীদের আটক করা সম্ভব হয় না। তাই মাটিখেকো ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যত প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিই হোক, অন্যায়কারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেবিদ্বারে রাজনৈতিক দল ভোটের মাঠে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের দল মূলত দুটি—একটি হলো অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। একটি দুর্নীতিবাজ শ্রেণি, অন্যটি সাধারণ মানুষ। আমরা সবাই অপরাধের বিপক্ষে।’

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।