
প্রিন্টের তারিখ: 14 November 2026 | প্রকাশের তারিখ: 13 November 2026, 5:44 pm
আখাউড়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে আখাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি শুরু হয়। একপর্যায়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন একটি পক্ষের নেতাকর্মীরা। অন্যদিকে, নতুন কমিটির সমর্থনে আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন অপর পক্ষের নেতাকর্মীরা।
কমিটি গঠন নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মুশফিকুর রহমানের সমর্থকদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রহমান সানির নির্দেশনায় ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদের সমর্থকেরা নতুন কমিটির পক্ষে অবস্থান নিয়ে আনন্দ মিছিলের কর্মসূচি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নতুন কমিটির সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এতে পুরো সড়ক বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় কার্যালয়সহ চারটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।