
প্রিন্টের তারিখ: 12 November 2026 | প্রকাশের তারিখ: 12 November 2026, 5:32 am
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তিনি নিজে এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রল বোমা নিক্ষেপ করেছে।
তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, কখন এবং কীভাবে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও জানা যায়নি।