
প্রিন্টের তারিখ: 11 November 2026 | প্রকাশের তারিখ: 11 November 2026, 1:00 pm
ব্রাহ্মণপাড়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মেহেদী হাসান (২৬) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি চোরাকারবারি চক্রের অন্যতম হোতা বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ২০৫৭/২ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলার গ্রামের খোকন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।