
প্রিন্টের তারিখ: 11 November 2026 | প্রকাশের তারিখ: 11 November 2026, 12:44 pm
কুমিল্লায় ঝাড়ফুঁকের কথা বলে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যা, মোবারকের ফাঁসি

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়ছাত্রী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং হত্যাকাণ্ড দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে খুনের ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। ওই বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন তিনি। এ ঘটনা দেখে ফেলায় রিনথীর মা তাহমিনা বেগমকেও হত্যা করেন মোবারক।
পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত তাহমিনা বেগমের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে মোবারকের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর ৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।
তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।