
প্রিন্টের তারিখ: 10 November 2026 | প্রকাশের তারিখ: 10 November 2026, 8:13 pm
যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্তে আত্মসমর্পণের হুঁশিয়ারি মোহসেন রেজায়ীর

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে তেহরানের নির্ধারিত সাতটি শর্ত মেনে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘কাল্পনিক আলোচনা’ নিয়ে ভুয়া সংবাদ ও প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহসেন রেজায়ী দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন বর্তমানে একজন বেপরোয়া জুয়াড়ির মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রেজায়ী বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত খেলার চাল গুটিয়ে নেওয়া এবং কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করা। পশ্চিম এশিয়ার নতুন রাজনৈতিক ও ভূ-কৌশলগত বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন সময় এসেছে তেহরানের বারবার উত্থাপিত সাতটি শর্তের কাছে মার্কিন প্রশাসনের আত্মসমর্পণ করার।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাস্তব পরিস্থিতি অনুধাবন করে ইরানের উত্থাপিত শর্তগুলো মেনে নেওয়া।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বের মধ্যে রেজায়ীর এমন কঠোর বক্তব্য দুই দেশের মধ্যকার বিরোধকে আরও তীব্র করে তুলতে পারে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।