প্রিন্টের তারিখ: 10 November 2026 | প্রকাশের তারিখ: 10 November 2026, 6:40 am

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য উপদেষ্টা

আক্কাস আল মাহমুদ হৃদয়

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আশ্রয় নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না, কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।

দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দলের অর্থায়ন বন্ধ হয়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’