প্রিন্টের তারিখ: 9 November 2026 | প্রকাশের তারিখ: 9 November 2026, 2:00 pm

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টসে খেলতে গিয়ে প্রাণ গেল ১৪ বছরের জিসানের

তালাশ বাংলা ডেস্ক

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টসে খেলতে গিয়ে প্রাণ গেল ১৪ বছরের জিসানের

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার ফুটবল খেলায় অংশ নিতে নেমে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। এতে হোমনা পৌরসভার পক্ষে খেলতে নামে জিসান। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, জিসান তাঁর বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ও সেরা ফুটবল খেলোয়াড় ছিল। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।

এদিকে জিসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।