প্রিন্টের তারিখ: 7 November 2026 | প্রকাশের তারিখ: 7 November 2026, 12:43 pm

আমি যে কখন মরি’-ফেসবুকে মৃত্যুচিন্তার স্ট্যাটাস,একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের!

আক্কাস আল মাহমুদ হৃদয়

আমি যে কখন মরি’-ফেসবুকে মৃত্যুচিন্তার স্ট্যাটাস,একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের!

প্রতি দিন কত আপনজন কাছের জন পরিচিত জনের মৃত্যু সংবাদ পাই, ভাবি আমি যে কখন মরি, মরন সংবাদ কবে কখন কোন সময় কে কিভাবে প্রচার করে, আমি তৈরি আছি কি? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জীবনের অনিশ্চয়তা নিয়ে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪)। কিন্তু কে জানত, সেই স্ট্যাটাস দেওয়ার মাত্র একদিন পরই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সত্যি সত্যিই তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়বে!

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস উল্টে ইসরাফিলসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল তিশা পরিবহনের দুটি বাসে করে কক্সবাজারে আনন্দভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিল কুমিল্লা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী এবং স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার ছিলেন। তিনি ওই মাদ্রাসার অধ্যাপিকা নাদিরা আফরোজ মেঘলার স্বামী। দুর্ঘটনায় নিহত অপরজন একই মাদ্রাসার অধ্যাপিকা সোহানা আফরোজ।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ইটভাটার শ্রমিকদের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে রয়েছেন মাদ্রাসার অধ্যাপিক নাদিরা আফরোজ মেঘলা, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া ও তাঁর স্ত্রী-সন্তান, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ে সামিয়া আক্তার নিহা, অধ্যাপক রাসেল, অফিস সহকারী আলাউদ্দিন, তাঁর স্ত্রী সুইটি আক্তার ও মেয়ে, দপ্তরি শাহজালাল, আয়া সেলিনা আক্তার, শিক্ষক রুনা লায়লা ও তাঁর স্বামীসহ অন্তত ৩০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী।

এদিকে এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বুড়িচংয়ের বাকশীমুল এলাকায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার জাতীয় কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ দিন থাকা সত্ত্বেও শিক্ষাসফরের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনও অনুমতি না নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষাসফরের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।