প্রিন্টের তারিখ: 4 November 2026 | প্রকাশের তারিখ: 4 November 2026, 9:48 am

ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই,ভিডিও ভাইরাল’র পর টমছম ব্রিজে ধরা ৪

তালাশ বাংলা ডেস্ক

ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই,ভিডিও ভাইরাল’র পর টমছম ব্রিজে ধরা ৪

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার (গম বাগিচা) এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে জাহিদ (২২) এবং মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাইয়ের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত জাহিদ ও জীবনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।