
প্রিন্টের তারিখ: 1 November 2026 | প্রকাশের তারিখ: 31 October 2026, 8:08 pm
যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে যুদ্ধ ছড়িয়ে পড়বে: ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এবার যুদ্ধ শুরু হলে এর সমাপ্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে না।
শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আকরামিনিয়া বলেন, ইসরায়েলের চাপ ও উসকানিতে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এবার সংঘাতের পরিণতি ও সমাপ্তি ট্রাম্পের হাতে থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অতীতে কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসার ভূমিকার কথা উল্লেখ করে ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, দেশটির সেনাবাহিনী নিয়মিত যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে ইরান।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ওই অঞ্চলে পাল্টা হামলা চালায় তেহরান। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি কাটেনি। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।