প্রিন্টের তারিখ: 1 November 2026 | প্রকাশের তারিখ: 31 October 2026, 6:30 pm

লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকর্মীদের বাস পুকুরে,পথচারী নিহত

তালাশ বাংলা ডেস্ক

লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকর্মীদের বাস পুকুরে,পথচারী নিহত

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ সময় বাসের ধাক্কায় আব্দুল খালেক মণ্ডল (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মণ্ডল সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশগ্রহণ শেষে সাতক্ষীরায় ফিরছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের নেতাকর্মীদের বহনকারী বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা চারা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় সড়কে থাকা পথচারী আব্দুল খালেক মণ্ডল নিহত হন।

দুর্ঘটনায় বাসে থাকা ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। পরে আহতরা স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।