
প্রিন্টের তারিখ: 1 November 2026 | প্রকাশের তারিখ: 31 October 2026, 1:53 pm
বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মোরশেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাস্টার। সঞ্চালনা করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল আলম, বাকশীমূল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রিয়াজ সেলিম, গদানগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জিএম কাউসার, শিক্ষক নাছির উদ্দিন ফিরোজ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আমজাদ হোসেন ডিলার এবং বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মনির চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক পলাশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গড়তে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব ভেদাভেদ ভুলে পলাশের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমদাদুল হক পলাশ শুধু একজন ব্যক্তি নন, তিনি ইউনিয়নের মানুষের অধিকার আদায়ের প্রতীক।
তিনি আরও বলেন, পলাশ নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। একটি ভুল সিদ্ধান্ত ইউনিয়নকে পিছিয়ে দিতে পারে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় শেষ পর্যায়ে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক পলাশ। তিনি এলাকার মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে একটি সুন্দর, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

