
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: 30 October 2026, 7:03 pm
কুমিল্লায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ;পথচারীসহ আহত ১২

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে রাজনৈতিক আধিপত্য ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভুশ্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার হরিশ্চরে আয়োজিত র্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপির অপর একটি পক্ষের বিরুদ্ধে।
পরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে দুই পথচারীও আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘মোবাশ্বের আলম ভূঁইয়ার (কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য) সমর্থক নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে মূল অনুষ্ঠানে যোগ দিতে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভুশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্যের সমর্থক নেতা-কর্মীরা মিছিলটিতে হামলা চালান।’
অন্যদিকে লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কয়েকজন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও পরে সংঘর্ষ হয়।’
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।