প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: 30 October 2026, 11:25 am

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ৩৫১, ৩৭ দিনে ৫২৪৬ জন

তালাশ বাংলা ডেস্ক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ৩৫১, ৩৭ দিনে ৫২৪৬ জন

কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে এক রাতেই ৩৫১ জনকে আটক করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৩৭ দিনে জেলার ১৮টি থানায় পরিচালিত এসব অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাঁদের মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার সদস্যরা অংশ নেন।

অভিযানকালে জেলার বিভিন্ন থানা এলাকার মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি কিশোরদের উৎপাত রয়েছে—এমন এলাকাগুলোতে তল্লাশি ও অভিযান চালানো হয়। এতে ৩৫১ জনকে আটক করা হয়।

পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।