প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: 29 October 2026, 9:36 pm

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন বিএনপি প্রার্থী ফয়সল আমীন

তালাশ বাংলা ডেস্ক

জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন বিএনপি প্রার্থী ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আসনটির ১৮৩টি ভোটকেন্দ্রের ফলাফলে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৮ হাজার ৭১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চারজন বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কথা ছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।