প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: 29 October 2026, 6:27 pm

সারের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১২

তালাশ বাংলা ডেস্ক

সারের কার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১২

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড বিতরণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আজমপুর ইউনিয়নের জিতেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জিতেরপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের কৃষকদের সারের কার্ড নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারের কার্ড নিয়ে জিতেরপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, সারের কার্ড নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের লোকজন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।