
প্রিন্টের তারিখ: 28 October 2026 | প্রকাশের তারিখ: 28 October 2026, 8:54 am
বুড়িচংয়ে বাড়ি তালা দিয়ে অসুস্থ স্বামীর সেবায় স্ত্রী-মেয়ে হাসপাতালে,বাড়িতে এসে দেখে কিছুই নাই!

কুমিল্লার বুড়িচং উপজেলায় অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রী ও মেয়ে হাসপাতালে থাকায় বাড়ি ফাঁকা পেয়ে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও দুটি রুমের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার,সম্পত্তির দলিল, লেপ-তোশক,সিলিং পাখাসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের ডেঙ্গু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভুক্তভোগী মফিজুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এরপর মফিজুল ইসলাম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর দুই ছেলে রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রবাসে থাকায় স্বামীর সেবার জন্য স্ত্রী আইরিন আক্তার ও মেয়ে তানজিনা আক্তার হাসপাতালে অবস্থান করছিলেন। এতে রাতে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারিতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার,সম্পত্তির দলিল সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন মেম্বার তালাশ বাংলাকে বলেন,মফিজুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। আমিও ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখেছি। বাড়ির সবাই হাসপাতালে থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।
তিনি আরও বলেন, মফিজুল ইসলাম ও তাঁর চাচাতো ভাইদের মধ্যে আগে মারামারির ঘটনা ঘটেছিল। তাঁদের বিরোধ মীমাংসার জন্য কয়েকবার চেষ্টা করা হলেও উভয় পক্ষকে এক করা সম্ভব হয়নি।তবে চুরি কারা করেছে জানতে পারি নাই।
এ বিষয়ে বুড়িচং থানার তদন্ত ওসি মঞ্জরুল হক তালাশ বাংলাকে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।