
প্রিন্টের তারিখ: 29 October 2026 | প্রকাশের তারিখ: 27 October 2026, 5:57 pm
কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবদুর রহমান (৪) ও জুবায়ের (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই গ্রামের সোহেল রানার ছেলে এবং জুবায়ের একই গ্রামের জুয়েল রানার ছেলে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু দুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে বরইয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
লালমাই থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। খেলাধুলার সময় পাশের পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।